বেতন না পেয়ে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেতন না পেয়ে গতকাল বুধবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরে পুলিশ কারখানার মালিকের প্রতিনিধিদের ডেকে আগামী রোববার বেতন পরিশোধের জন্য রাজি করালে শ্রমিকেরা শান্ত হন। শ্রমিকেরা জানান, গতকাল সকালে ইপিজেডের তিন নম্বর সড়কের এক্সেলসিওর সুজ কারখানার শ্রমিকেরা বেতন নিতে যান। এ সময় মালিকপক্ষের লোকজন শ্রমিকদের জানান, ব্যাংকে তাঁদের টাকা আটকে আছে। এ কারণে তাঁদের পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়। এরপর শ্রমিকেরা ইপিজেড কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর প্রথম আলোকে বলেন, কারখানার মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম রোববার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেন। এরপর শ্রমিকেরা শান্ত হন। শ্রমিকেরা বলেন, গত ৬ এপ্রিল কারখানায় আগুন লাগার পর থেকে এটি বন্ধ রয়েছে।