বেতন না পেয়ে একে একে চলে গেছেন সব শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর বেতন না পেয়ে শিক্ষকেরা চলে যাওয়ায় ঝিনাইদহের যাত্রাপুর গ্রামের একমাত্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে। কয়েকজন শিক্ষক পাঠদান চালিয়ে গেলেও ঠিকমতো ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও আর থাকেনি। যাত্রার ১৭ বছর পর বিদ্যালয়টি প্রায় দুই বছর ধরে বন্ধ আছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে যাত্রাপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গ্রামের বাসিন্দা আবদুল আজিজ মোল্লা জমি দান করেন। দীর্ঘ সময় বেতন না পেয়ে শিক্ষকেরা চলে যেতে শুরু করেন। শেষের দিকে দু-চারজন শিক্ষক পাঠদান চালিয়ে যান। কিন্তু ঠিকমতো ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও আর থাকেনি। সর্বশেষ ২০১৫ সালে বিদ্যালয়ের পাঠদানের অনুমতির মেয়াদও শেষ হয়। স্কুল কর্তৃপক্ষও আর পাঠদানের জন্য নতুন করে অনুমোদন নেওয়ার চেষ্টা করেনি। এমনকি পরিচালনা কমিটিও আর গঠন করা হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভাপতি শামছুর রহমান বলেন, তাঁরা আটজন শিক্ষক আর তিনজন কর্মচারী নিয়োগ দিয়ে বিদ্যালয়ের পাঠদান শুরু করেন। ধীরে ধীরে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। ২০০২ সালে তাঁরা পাঠদানের অনুমতি পান। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকেরা বেতন পেতেন না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার বলেন, ২০১২ সাল পর্যন্ত তাঁরা পাঠদান করিয়েছেন। ওই বছরই পরীক্ষা শেষে শিক্ষকেরা চলে যেতে শুরু করেন। তিনিসহ কয়েকজন মাঝেমধ্যে এসে ২০১৩ সাল পর্যন্ত পাঠদান করাতেন। এরপর বিদ্যালয়ে আর শিক্ষার্থী ভর্তি হয়নি। তাই ২০১৫ সালে আর কোনো আশা নেই মনে হওয়ায় পাঠদানের অনুমোদনের জন্য তাঁরা বোর্ডে আবেদন করেননি।
ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, বেশ কিছুদিন থেকে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।