বেতন না পেয়ে কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত এপ্রিল মাসের বেতনের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এ দাবিতে গত বুধবার সকালে প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বেতন না পাওয়ায় গতকাল বৃহস্পতিবারও তালা খোলেননি তাঁরা।
উপাচার্যের সই ছাড়া নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন বা বিল তুলতে পারেন না। নারী কেলেঙ্কারির অভিযোগে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের চাপে উপাচার্যের পদ থেকে গত ৭ এপ্রিল পদত্যাগ করেন রফিকুল হক। এরপর নতুন উপাচার্য নিয়োগ না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে একাডেমিক ভবন, অনুষদ ভবন, প্রশাসন ভবন, হল ও বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য প্রতিষ্ঠানে কাজ রেখে বিক্ষোভ করেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। পরে বেলা ১১টার দিকে তাঁরা প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
গতকালও ওই তালা খোলা হয়নি। বেলা ১১টায় প্রশাসন ভবনে সমবেত হন কর্মচারীরা। বেলা একটা পর্যন্ত তাঁদের বিক্ষোভ চলে।