বেতন না পেয়ে ডিসির দ্বারস্থ

বকেয়া বেতনের দাবিতে গতকাল রোববার সকালে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার টপস অ্যান্ড বটমস লিমিটেড নামে একটি কারখানার পোশাকশ্রমিকেরা জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ করেছেন।
কারখানার একাধিক শ্রমিক জানান, রোজার ঈদের ছুটির পর গত ৬ জুন কারখানা খোলার কথা ছিল। ৬ জুন সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ দেখতে পান তাঁরা। কিন্তু বন্ধের কোনো নোটিশ দেওয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষ বেতনও দিচ্ছে না। একাধিকবার বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। সর্বশেষ ১৮ আগস্ট বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিনও বেতন দেয়নি কর্তৃপক্ষ। পাওনাদির জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের মুঠোফোনে কল দিলেও তাঁরা ধরেন না। এ অবস্থায় সন্তানদের লেখাপড়ার খরচ, দোকানের বাকি ও বাড়িভাড়া পরিশোধ করতে পারছেন না শ্রমিকেরা। সামনে ঈদুল আজহা। তাই শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের জন্য গতকাল সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
জাতীয় শ্রমিক লীগের গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কফিল উদ্দিন তাঁদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। স্মারকলিপি দেওয়ার সময় তাঁরা উপস্থিত ছিলেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালনা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সকল পাওনা পরিশোধ করে গত ২৬ মে কারখানাটিতে ঈদের ছুটি দেওয়া হয়। শ্রমিকদের কোনো বকেয়া ছিল না। আর্থিক সমস্যার কারণে কারখানাটি ৬ জুন আর চালু করা সম্ভব হয়নি। তবে বিজিএমইএর মধ্যস্থতায় শ্রম আইন অনুযায়ী ২৫ আগস্ট শ্রমিকদের এক মাসের বেসিক (বেতন) প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন ঢাকায় বিজিএমইএর কার্যালয়ে তাঁদের ওই টাকা দেওয়া হবে।’
জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শ্রমিকেরা তাঁদের পাওনার জন্য স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।