বেতন নিচ্ছেন তোবার কিছু শ্রমিক

তিন মাস ধরে বেতন-ভাতা না পাওয়া তোবা গ্রুপের শ্রমিকদের কয়েক জন বিজিএমইএ ভবন থেকে বেতন নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেতন দেওয়া শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে দুইটা পর্যন্ত ১৯৫ জন শ্রমিক বেতন নিয়েছেন।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে জানান, শ্রমিকদের বেতন নিতে আসতে বাধা দেওয়া হচ্ছে। বিজিএমইএ বেতন দিয়ে আবার তা ফিরিয়ে নিচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে।
শ্রমিকদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘কারও বেতন ফিরিয়ে নেওয়া হচ্ছে না। বিজিএমইএ কোনো ভাঁওতাবাজি করছে না। আপনারা এসে বেতন নিয়ে যান।’
আতিকুল জানান, গতকাল ৫৮৩ জন শ্রমিক-কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখন পর্যন্ত ৭৭৩ জন শ্রমিক-কর্মচারী বিজিএমইএ থেকে বেতন নিয়েছেন। বিজিএমইএর হিসাব মতে ১ হাজার ৪৫৮ জন শ্রমিক-কর্মচারীর বেতন বোনাস বকেয়া আছে।
বেতন নিতে আসা তোবা গ্রুপের তাইফ ডিজাইনের এক শ্রমিক শাহানাজ আক্তার জানান, তিনি তিন দিন তোবা গার্মেন্টসে আন্দোলন করেছেন। আজ সকালে সেখান থেকে বের হন। এরপর পুলিশ আর তাঁকে ঢুকতে দেয়নি।
তিন মাসের বেতন-বোনাসের জন্য আন্দোলন করে দুই মাসের বেতন নিতে কেন এসেছেন, জানতে চাইলে শাহানাজ জানান, তাঁর কাছে টাকা-পয়সা নেই। অন্য কোনো আয়ও নেই। তাই টাকা নিতে এসেছেন।