বেতন নিতে এসে মিলল কারখানা বন্ধের নোটিশ
শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল গতকাল রোববার। কিন্তু কারখানায় এসে ফটকেই মিলল নোটিশ—‘কারখানা বন্ধ’। এতে ক্ষুব্ধ শ্রমিকেরা একপর্যায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ঘেরাও করেন। পরে বেতনের আশ্বাসে শান্ত হন তাঁরা।
গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা এলাকার এসকো নিটওয়্যার লিমিটেড নামের পোশাক তৈরির কারখানায় গতকাল রোববার এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় এসে দেখতে পান, প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। দুপুর ১২টার দিকে তাঁরা সফিপুর এলাকায় মৌচাক ইউপি কার্যালয় ঘেরাও করেন। ইউপি চেয়ারম্যান মো. লোকমান হোসেন বিষয়টি নিয়ে কালিয়াকৈর থানার ওসি সঙ্গে মুঠোফোনে কথা বলে বেতন পাওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। শ্রমিক সুমন সরকার বলেন, ‘তিন মাস ধরে আমরা কোনো বেতন পাচ্ছি না। বেতন চাইতে গেলে মালিকপক্ষের লোকজন আমাদের ভয়ভীতি দেখায়।’
কারখানার প্রশাসনিক কর্মকর্তা (মানবসম্পদ) মাসুদ মিয়া বলেন, আগামী ৪ জুলাই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।