উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ এ সংক্রান্ত অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের ক্ষেত্রে প্রকল্পে চাকরিকাল গণনা করার দাবি জানিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি সংগঠন।
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও আছে। কিন্তু সরকার আইন প্রণয়নের মাধ্যমে এ রায়কে অকার্যকর করার উদ্যোগ নিয়েছে। এটি অসাংবিধানিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনটির মহাসচিব মো. নজরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি আফসার আলী।
নেতারা বলেন, তাঁরা শুধু ১৯৭২ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী এই প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে এই সুযোগ চাচ্ছেন। তাঁরা বলেন, এত দিন উন্নয়ন প্রকল্প বিষয়ক বিধিমালা অনুযায়ী তাঁরা প্রাপ্ত সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে ও ২০১১ সালে দুটি পরিপত্র জারি করে এসব সুবিধা বাতিল করে অর্থ বিভাগ। পরে এ নিয়ে আদালতে মামলা হলে আদালত পরিপত্র দুটি বেআইনি ও অকার্যকর ঘোষণা করেন। কিন্তু এখন অর্থ বিভাগ একটি আইন করে এসব সুবিধা বাতিল করতে চাচ্ছে। তাঁরা এটা কোনোভাবে মানবেন না বলে সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ‘সংবিধানবিরোধী’ কর্মকাণ্ড অব্যাহত থাকলে সারা দেশের ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন।