বেতন নির্ধারণে প্রকল্পের চাকরিকাল গণনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশনসহ এ-সংক্রান্ত অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে প্রকল্পের চাকরিকাল গণনা করার দাবি জানিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি সংগঠন।
গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের এই সংগঠনটি। ১৯৭২ থেকে ১৯৯৭ সালের মধ্যে এই প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া কর্মীদের জন্য এ দাবি করা হয়। প্রকল্পের চাকরিকাল গণনা হলে এসব কর্মকর্তা-কর্মচারীর আর্থিক ও জ্যেষ্ঠতার সুবিধা বেড়ে যাবে। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও আছে। কিন্তু অর্থ বিভাগ আইন প্রণয়নের মাধ্যমে এ রায়কে অকার্যকর করার উদ্যোগ নিয়েছে, যা অসাংবিধানিক। এই ‘সংবিধানবিরোধী’ কর্মকাণ্ড অব্যাহত থাকলে সারা দেশের ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন।
নেতারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা উন্নয়ন প্রকল্পবিষয়ক বিধিমালা অনুযায়ী তাঁরা প্রাপ্ত সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু ২০০৮ ও ২০১১ সালে দুটি পত্র জারি করে এসব সুবিধা বাতিল করে অর্থ বিভাগ। পরে এ নিয়ে মামলা হলে আদালত অর্থ বিভাগের দুটি পত্র বেআইনি ও অকার্যকর ঘোষণা করেন। কিন্তু এখন অর্থ বিভাগ একটি আইন করে এসব সুবিধা বাতিল করতে চাইছে। তাঁরা এটা কোনোভাবেই মানবেন না।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ভুক্তভোগী জনবলের সংখ্যা প্রায় ৪০ হাজার। তাঁদের সুবিধা দিতে সরকারের প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন। অথচ অর্থ বিভাগের কিছু কর্মকর্তা সরকারের কাছে বলেছেন, আদালতের রায় বাস্তবায়ন করলে দুই লক্ষাধিক জনবলকে সুবিধা দিতে হবে। এ জন্য ছয় হাজার কোটি টাকারও বেশি লাগবে। অর্থ বিভাগের এই ‘মনগড়া’ তথ্য সরকারকে বিভ্রান্ত করছে।