বেতন নিয়ে সচিবালয়ে মিশ্র প্রতিক্রিয়া
মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নতুন বেতন স্কেলে ওপরের পর্যায়ের কর্মকর্তারা খুব খুশি হয়েছেন। তবে নিচের স্তরের কর্মকর্তারা খুশি হতে পারেননি। বরং তাঁদের মধ্যে কিছুটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। গতকাল মন্ত্রিসভায় নতুন বেতন স্কেলের অনুমোদন দেওয়া হয়।
২১ লাখ চাকরিজীবীর বেতন বাড়ল
অর্থ মন্ত্রণালয়ের একজন সহকারী সচিব প্রথম আলোকে বলেন, নতুন এই বেতন স্কেলে ভালো-মন্দ দুই দিকই আছে। তবে এতে ওপরের স্তরের কর্মকর্তারা বিশেষ করে যাঁদের চাকরির বয়স ১৫ বছর হয়েছে, তাঁরা বেশি উপকৃত হবেন। বিপরীতে এর নিচের স্তরের কর্মকর্তারা কম সুযোগ-সুবিধা পাবেন। এ নিয়ে কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া স্বাভাবিক।
কর্মচারীদের একটি সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নতুন এই বেতন স্কেলটি বাস্তবায়ন হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তবে সার্বিকভাবে এই বেতন স্কেল হয়ে গেছে মূলত আমলা ও কর্মকর্তানির্ভর। এতে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রথা বাতিল করায় কর্মচারীদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের পক্ষে যে যুক্তি দেখানো হয়েছে এতেও বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। যেমন শতকরা হারে বেতন প্রবৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু এর ফলে ষষ্ঠ গ্রেড এবং ২০তম গ্রেডের মধ্যে চরম বেতনবৈষম্য হবে। এতে ওপরের স্তরের কর্মকর্তারাই লাভবান হবেন। অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে বৈশাখী বোনাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। তিনি বলেন, কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ আগের মতো রাখা হয়েছে। এতে কর্মচারীরা এখানেও সুবিধা পাবেন না। এতে তাঁরা সার্বিকভাবে বেতন স্কেল নিয়ে খুশি হতে পারছেন না।
বিপরীত দিকে ওপরের স্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নতুন এই স্কেলে তাঁরা খুশি হয়েছেন। তবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিটিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।