বেতন নেই পাঁচ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন নগরের ছয়টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে অচলাবস্থা দেখা দিয়েছে। পাঁচ মাস ধরে ছয়টি কেন্দ্রের কর্মচারীদের বেতন নেই। রোগীদের ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সরবরাহ নেই। গত রোববার সকালে দুটি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, তাঁরা সময়মতো বেতন পেয়ে যাবেন।
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নগরের ভেতরে ছয়টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার রয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এর প্রধান সমন্বয়কারী। নিয়ম অনুযায়ী এই কেন্দ্রগুলোতে অসহায় দরিদ্র রোগীদের রোগ নির্ণয় কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা করে বিনা মূল্যে ওষুধ সরবরাহের কথা। কিন্তু পাঁচ মাস ধরে কর্তৃপক্ষ এই কেন্দ্রগুলোতে কোনো ওষুধ সরবরাহ করেনি। ছয়টি কেন্দ্রের প্রায় ১৫০ জন কর্মচারী বেতনও পাননি। সামনে ঈদ। এখন পর্যন্ত তাঁদের বেতন বা বোনাসের কোনো খবর নেই।
রোববার সকাল ১০টার দিকে চাকরিচ্যুত কর্মচারীরা নগরের কাদিরগঞ্জ ও সপুরা কেন্দ্র দুটিতে তালা লাগিয়ে দেন। এতে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পরে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এসে কেন্দ্র দুটির তালা খুলে দেয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, এটা সরকারের একটা প্রকল্প। নিয়ম অনুযায়ী এনজিওর মাধ্যমে এগুলো চালানো হয়। একটি সংস্থা কাজ নেওয়ার পরে না করে চলে গেলে মাঝখানে সিটি করপোরেশন দায়িত্ব নেয়। এখন পরে আরেকটি সংস্থা দায়িত্ব নেয়। প্রকল্প থেকে তারা সময়মতো বেতন পেয়ে যাবে।