বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার একটি পোশাক কারখানায় শ্রমিকেরা ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল জাহিন টেক্স নামের ওই পোশাক কারখানার শ্রমিকদের জুনের আংশিক বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে শুনতে পান কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না। এ ছাড়া কিছু শ্রমিকও ছাঁটাই হবে। এ কথা কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা সকাল সাড়ে আটটা থেকে কর্মবিরতি ও কারখানার ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করেন। এ নিয়ে মালিকপক্ষের লোকজনদের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা, পাল্টাপাল্টি ধাওয়া ও কারখানার ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকেরা কারখানার সামনে থাকা একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল ও জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা লাঠিসোঁটা, রড, শাবল নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় ইটপাটকেলে শিল্পাঞ্চল পুলিশের দুই কনস্টেবল আহত হন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর)-এর সহকারী পুলিশ সুপার মো. তাহমিদুল ইসলাম জানান, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।