বেতন পাচ্ছেন না প্রাথমিকের আট শতাধিক শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। এতে করে পরিবারের লোকজনকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২১০টি প্রাথমিক বিদ্যালয়কে গত জানুয়ারিতে জাতীয়করণ করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৬৬টি, রামগঞ্জ উপজেলায় ৩৮টি, রামগতি উপজেলায় ৪০টি, রায়পুর উপজেলায় ৩৬টি ও কমলনগর উপজেলায় ৩০টি বিদ্যালয়ে মোট ৮২৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। চাকরি সরকারীকরণ করা হলেও তাঁরা গত পাঁচ মাসের (নভেম্বর-মার্চ) বেতন-ভাতা পাননি। উপজেলার রমাপুর আহমদ উল্যা সঞ্চৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পারভিন আক্তার বলেন, ‘চাকরি সরকারি হওয়ায় আমরা আনন্দিত। কিন্তু বেতন না পেয়ে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে।’কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, ‘বর্তমান সরকার আমাদের দীর্ঘদিনের সরকারীকরণের দাবি মেনে নিয়েছে। কিন্তু কবে আমরা বেতন পাব, তা কেউ ঠিক করে বলতে পারছেন না।’দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম বলেন, এ অবস্থায় পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী ছায়েদুল হক জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন ইতিমধ্যে এসেছে। তবে এখনো ব্যাংকে পাঠানো হয়নি। আর অন্য মাসগুলোর ব্যাপারে এখনো ঘোষণা আসেনি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার জানান, আগামী সপ্তাহের মধ্যে শিক্ষকেরা তিন মাসের বেতন উত্তোলন করতে পারবেন বলে আশা করা যায়।