১৮-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির কারণে কুষ্টিয়ার সোনালী ব্যাংকগুলোয় অর্থ সরবরাহ কমে গেছে। এ কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ অন্য গ্রাহকেরা গত দুই দিন টাকা তুলতে পারেননি। মাসিক বেতন না পাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষকেরা।
শিক্ষকেরা জানান, প্রতি মাসের ২ ও ৩ তারিখে দৌলতপুর উপজেলায় সোনালী ব্যাংক থেকে প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকেরা তাঁদের মাসিক বেতন ও অবসর-ভাতা তুলে থাকেন। কিন্তু সোম ও মঙ্গলবার ব্যাংকে গেলে কর্মকর্তারা তাঁদের জানান, অবরোধের কারণে ব্যাংকে টাকা নেই। অবরোধ প্রত্যাহার করলে টাকা এনে বেতন দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, অনেক শিক্ষকের আর্থিক অবস্থা ভালো নয়। সময়মতো বেতন না পেয়ে তাঁরা ভীষণ সমস্যায় পড়েছেন। কয়েকজন শিক্ষিকা বেতনের জন্য আকুতি জানিয়েও পাননি।
জানতে চাইলে সোনালী ব্যাংকের দৌলতপুর উপজেলা শাখার জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক আলী আকবর বলেন, হরতাল অবরোধে ঝুঁকি নিয়ে কুষ্টিয়া থেকে উপজেলা শাখায় ব্যাংকে টাকা আনা সম্ভব হচ্ছে না। এ জন্য বেতন দেওয়া যাচ্ছে না। টাকা বহনের জন্য পুলিশের পাহারাও পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে কুষ্টিয়া শহরের কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক বলেন, গ্রাহকেরা টাকা জমা দিলে সেটা দিয়ে শিক্ষকদের বেতন দেওয়া হয়েছে। তবে সমস্যাও হয়েছে। কেন্দ্রীয় শাখা থেকে পুলিশের অভাবে টাকা নেওয়া যাচ্ছে না।