বগুড়ার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে ব্যবস্থাপনা কমিটির দ্বন্দ্বের জের ধরে সরকারি অংশের বেতনের বিলে সভাপতি স্বাক্ষর করছেন না। ফলে ২৯ জন শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন পাননি। এতে শিক্ষকেরা ক্লাস বর্জন করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক আবুল বাশারের সঙ্গে কমিটির সদস্যদের দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষক-কর্মচারীদের মে মাসের সরকারি অংশের বেতন-বিলে স্বাক্ষর করেননি। ফলে বেতন না পেয়ে শিক্ষকেরা ২২ জুন থেকে ক্লাস বর্জন শুরু করেন।প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, ‘ম্যানেজিং কমিটির সভাপতি অযথা আমার বিরুদ্ধে অভিযোগ করে এই জটিলতার সৃষ্টি করেছেন।’কমিটির সভাপতি নূরুল হক তালুকদার বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের তহবিল শূন্য করেছেন। তাই তাঁর বিরুদ্ধে কমিটি ব্যবস্থা নিয়েছে। বেতন-বিলে অন্য শিক্ষকদের স্বাক্ষর না থাকায় তিনি স্বাক্ষর করেননি। তারপর কোনো শিক্ষকই এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম বলেন, বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তাঁদের বেতন-বিলে স্বাক্ষর করানোর জন্য কমিটির সভাপতিকে অনুরোধ করেও কাজ হয়নি। বিষয়টি মহাপরিচালককে (ডিজি) জানানো হয়েছে।