বেতন পাচ্ছেন না শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান থানাধীন ‘কালাচাঁদপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দিলেও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদ। এ অবস্থায় বেতন ও উৎসবভাতা পাচ্ছেন না বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। তাঁদের ঈদ আনন্দ মাটি হতে চলছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ রশিদ মিঞা বলেন, পরিচালনা পর্ষদের লোকজন জাতীয়করণের বিপক্ষে। তাঁরা শিক্ষকদের প্রতিষ্ঠানে প্রবেশ করতে দিচ্ছেন না। ফলে বেতনও তুলতে পারছেন না শিক্ষকেরা।
অবশ্য প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ওয়াকিলউদ্দিন বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানে আসছেন না। তাঁর সই ছাড়া বেতন দেওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটি জাতীয়করণের বিপক্ষে অবস্থান নিচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, জাতীয়করণে আপত্তি নেই। কিন্তু সরকার চাইছে ‘সি’ শ্রেণির করে জাতীয়করণ করতে। কিন্তু তাঁরা চান ‘এ’ শ্রেণির করতে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ২০১৩ সালের সেপ্টেম্বরে বিদ্যালয়টি জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত দেন। এরপর থেকে পরিচালনা পর্ষদের একটি পক্ষ জাতীয়করণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে তৎপর হয়। এই অবস্থার মধ্যেই জাতীয়করণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিদ্যালয়ের নিয়োগ, পদোন্নতি, স্থগিত করে স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের জন্য দানপত্র দলিল সম্পন্ন করার আদেশ জারি করে। কিন্তু পরিচালনা পর্ষদ তাতে অনীহা দেখায়। এরপর গত বছর স্থানীয় সাংসদের নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ রশীদ মিয়া বিদ্যালয়ের নিয়োগ, পদোন্নতি, স্থগিত করে স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রপতির বরাবর দানপত্র দলিল করে দেন। কিন্তু এর বিপক্ষে ভুয়া রেজুলেশন করে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হয়। এরপর কয়েকজন শিক্ষকের ওপর হামলাও হয়। আরও কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালানোর হুমকি দেওয়া হয়। এ রকম পরিস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক ভয়ে বিদ্যালয়ে আসছেন না। বেতন বিলেও সই করতে পারছেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ।