বেতন পান না দুই মাস, মানবেতর জীবন যাপন
দুই মাস ধরে কারখানায় কাজ করে বেতন না পাওয়ায় চরম অর্থসংকটে পড়েছেন ঢাকার সাভারের আকরাইন এলাকার চুনু হাইট কটন নামের একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। কারখানার মালিকসহ আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও তাঁরা বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা।
শ্রমিকেরা জানান, নিরুপায় হয়ে তাঁদের অনেকেই বেতন আদায়ে পুলিশের সাহায্য নিতে গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় যান। কিন্তু তাঁদের শেষ সে চেষ্টাও ব্যর্থ হয়েছে। পুলিশ তাঁদের কোনো সহায়তা না করে শিল্প পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে থানা থেকে বিদায় করে দেয়। তবে পুলিশ কর্মকর্তাদের দাবি, তাঁরা শ্রমিকদের বকেয়া আদায়ের চেষ্টা করছেন।
সাভার মডেল থানায় গতকাল দুপুরে মনোয়ার হোসেন, লুমানা, রফিকুল ইসলামসহ কমপক্ষে অর্ধশত শ্রমিকের সঙ্গে এ প্রতিবেদকের দেখা হয়। এ সময় কয়েকজন শ্রমিক বলেন, তাঁদের মে ও জুন মাসের বেতন দেওয়া হয়নি। মালিকপক্ষ নানা অজুহাতে বেতন পরিশোধ থেকে বিরত রয়েছেন। সময়মতো বেতন না পেয়ে তাঁরা ২৩ ও ২৯ জুন দুই দফায় কারখানাসংলগ্ন সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করেন। আন্দোলনের পর ২৯ জুন মালিকপক্ষের সঙ্গে সাভার থানায় তাঁদের বৈঠক হয়। ওই বৈঠকে সোমবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তাঁরা বেতন পাননি। মালিকপক্ষের কেউ দুই দিন ধরে কারখানায় আসছেন না। এ কারণেই শ্রমিকেরা নিরুপায় হয়ে গতকাল সাভার থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো ব্যবস্থা না নিয়ে তাঁদের শিল্প পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
শ্রমিকেরা বলেন, রমজান মাসে তাঁদের ঘরে টাকা না থাকায় খাবার কিনতে পারছেন না। অনেকে বাচ্চার দুধ পর্যন্ত কিনতে পারছেন না। দোকান থেকে তাঁদের বাকিতে কোনো মালামালও দেওয়া হচ্ছে না। বাড়ির মালিকেরা তাঁদের বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এ অবস্থায় বেতন-বোনাস না পেলে ঈদে বাড়ি ফিরতে পারবেন না তাঁরা।
এ ব্যাপারে কথা বলতে গতকাল কারখানায় গিয়ে মালিক বা মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।