জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তা’ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় বান্দরবানের ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষক ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না। এসব বিদ্যালয়ের ছয় হাজারের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর কারণ অধিকাংশ বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হয় না।
ইউএনডিপির সার্বিক সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দুর্গম এলাকায় এসব প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে। ২০১০ সাল থেকে ইউএনডিপির সহায়তায় পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় জেলা পরিষদের মাধ্যমে এসব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেওয়া হতো। বিদ্যালয় পরিচালনার ব্যয়ও বহন করা হতো। তবে ২০১৫ সালের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যায়।
বান্দরবান জেলা পরিষদের শিক্ষা কর্মকর্তা অ্যানিন মারমা বলেন, বিদ্যালয়গুলো পরিচালনা নিয়ে জেলা পরিষদ এখন সংকটে পড়েছে। শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। তবে বিদ্যালয় পরিচালনার কিছু খরচ জেলা পরিষদ থেকে বহন করা হচ্ছে। তিনি আরও বলেন, ইউএনডিপির আর্থিক সহায়তায় থানচির দুর্গম এলাকায় ২১টি, আলীকদমে ২০টি, রুমায় ২৫টি, নাইক্ষ্যংছড়িতে ১৫টি ও রোয়াংছড়িতে ১৭টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। প্রত্যেক বিদ্যালয়ে চারজন করে ৩৯২ শিক্ষকও নিয়োগ দেওয়া হয়। ইউএনডিপি আর্থিক সহায়তা বন্ধ হওয়ার পর জেলা পরিষদ থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের কিছু বেতন-ভাতা দেওয়া হয়েছে। এর পর আর্থিক সীমাবদ্ধতার কারণে জানুয়ারি থেকে শিক্ষদের বেতন বন্ধ এবং বিদ্যালয়গুলোর পরিচালনা নিয়েও অচলাবস্থা চলছে। এতে ছয় হাজার ৩০০ শিশুর শিক্ষাজীবনও অনিশ্চিত হয়ে পড়েছে।
ইউএনডিপির বান্দরবানের ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরা বলেন, প্রকল্প শেষ হওয়ায় ইউএনডিপি থেকে বিদ্যালয়গুলো পরিচালনায় আর্থিক সহযোগিতা প্রদানের আর কোনো সুযোগ নেই। সেটা জেলা পরিষদকে বিভিন্নভাবে প্রকল্পের শুরু থেকে বলে দেওয়া হয়েছিল।
আলীকদম উপজেলার সদর ইউনিয়নের লাংরিংরো ম্রোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্রাহাম ত্রিপুরা ও চৈক্ষং ইউনিয়নের ভাঘেরঝিরিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ২০১৫ সালের জুন মাস পর্যন্ত তাঁরা প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করে বেতন পেতেন। এর পর থেকে বেতন বন্ধ রয়েছে তাঁদের। তবু তাঁরা আশায় রয়েছেন, একসময় সরকার এসব বিদ্যালয় জাতীয়করণ করবে। তবে তাঁরা স্বীকার করেন, নিয়মিত এসব বিদ্যালয়ে পাঠদান করা সম্ভব হয় না।
এ বিষয়ে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম বলেন, এসব বিদ্যালয় জাতীয়করণ করা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিশ্চিত হলে বিদ্যালয়ের শিক্ষকেরাও পাঠদানে আবার সক্রিয় হয়ে উঠবেন বলে তিনি আশা করেন।