বেতন পাননি রৌমারীর প্রাথমিকের শিক্ষকেরা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আড়াই শ শিক্ষক তাঁদের অক্টোবর মাসের বেতন-ভাতা পাননি। এ কারণে ঈদের আগে তাঁরা বেশ সমস্যায় পড়েছেন।উপজেলায় ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আড়াই শ শিক্ষক আছেন। উপজেলার দায়িত্বপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা জুবায়দুল ইসলাম ঈদের ছুটি নিয়ে গত মঙ্গলবার বাড়ি চলে যান। ওই দিন পর্যন্ত শিক্ষকদের বেতন-ভাতার প্রতিবেদন উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করা হয়নি। হিসাবরক্ষণ কর্মকর্তা জুবায়দুল ইসলাম বলেন, ‘আমি একসঙ্গে রৌমারী ও উলিপুর উপজেলার দায়িত্ব পালন করছি। রোববার ও সোমবার রৌমারীতে অফিস করেছি। কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমার কাছে শিক্ষকদের বেতন-ভাতার প্রতিবেদন দাখিল করা হয়নি। আমি বারবার প্রাথমিক শিক্ষা অফিসে খোঁজ নিয়েছি। কিন্তু ওনাদের কর্মকর্তাকে পাওয়া যায়নি।’শিক্ষকেরা অভিযোগ করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান সোমবার দুপুরের পর কার্যালয়ে আসেন। ততক্ষণে হিসাবরক্ষণ কর্মকর্তা তাঁর কার্যালয় ছেড়ে চলে যান। শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের বেতন-ভাতার প্রতিবেদন হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিলে অবহেলা করেছেন। মূলত তাঁর কারণে শিক্ষকেরা ঈদের আগে বেতন-ভাতা পাচ্ছেন না।রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান বলেন, ‘আমি কুড়িগ্রামে প্রশিক্ষণে ছিলাম। যথাসময়ে শিক্ষকদের বেতন-ভাতার প্রতিবেদন হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করা হয়েছে।’