বেতন পেলেন না দুই শতাধিক শিক্ষক
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুই শতাধিক প্রাথমিক শিক্ষক ঈদের আগে পেলেন না জুন মাসের বেতন। এ জন্য সোনালী ব্যাংকের স্থানীয় শাখার অবহেলাকে দায়ী করলেন তাঁরা।
উপজেলার উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সাধারণত সোনালী ব্যাংকের মাধ্যমে বেতন পেয়ে থাকেন। কিন্তু সোনালী ব্যাংকের ওপর চাপ কমাতে কোথাও কোথাও অন্য ব্যাংকের মাধ্যমেও বেতন দেওয়া হয়। জিয়ানগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রূপালী ব্যাংক জিয়ানগর শাখার মাধ্যমে বেতন পান।
শিক্ষক হাবিবুর রহমান আরও বলেন, গত ১৪ জুলাই জিয়ানগর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের অর্ডার শিট রূপালী ব্যাংকের জিয়ানগর শাখায় পাঠান। শিক্ষকদের বেতন দেওয়ার জন্য ওই দিনই রূপালী ব্যাংক সোনালী ব্যাংক জিয়ানগর শাখার কাছে টাকা চায়। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সোনালী ব্যাংক টাকা না দেওয়ায় রূপালী ব্যাংক শিক্ষকদের বেতন দিতে পারেনি। এতে দিনভর অপেক্ষা করে ৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক খালি হাতে বাড়ি ফিরে যান।
রূপালী ব্যাংকের জিয়ানগর শাখার ব্যবস্থাপক মানিক লাল দত্ত বলেন, সোনালী ব্যাংক জিয়ানগর শাখা টাকা না দেওয়ায় শিক্ষকদের বেতন দেওয়া যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে সোনালী ব্যাংকের জিয়ানগর শাখার ব্যবস্থাপক মলয় কুমার মজুমদার বলেন, জিয়ানগর শাখার পক্ষ থেকে সোনালী ব্যাংকের পিরোজপুর শাখায় শিক্ষকদের বেতনের টাকা চাওয়া হয়েছিল। কিন্তু তারা না দেওয়ায় শিক্ষকদের বেতনের টাকা রূপালী ব্যাংককে দেওয়া সম্ভব হয়নি।