বেতন পেলেন না শিক্ষক-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করার পর সরকার নতুন উপাচার্য নিয়োগ না দেওয়ায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন হয়নি। এতে বেশি দুর্ভোগে পড়েছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিগগিরই উপাচার্য নিয়োগের দাবি করেছে শিক্ষক সমিতি।
কোষাধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থায়ী নিয়োগ পাওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এপ্রিলের বেতন পাওয়ার কথা মে মাসের ১ তারিখে। বেতন পাওয়ার সব প্রক্রিয়া শেষ করতে এপ্রিলের ২০ তারিখের দিকে বেতন বিলে উপাচার্যের সই দরকার ছিল। কিন্তু অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম—এ কারণ দেখিয়ে গত ৭ এপ্রিল রাতে উপাচার্য পদত্যাগ করেন। এরপর প্রায় এক মাস হয়ে গেলেও উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি।
এদিকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় ৬১টি প্রশাসনিক পদ থেকে শিক্ষকদের পদত্যাগের বিষয়টির সুরাহা হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে স্থবিরতা বিরাজ করছে। উপাচার্য নিয়োগে বিলম্ব হওয়া ও বেতন না পাওয়ায় শিক্ষক ও কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আইনুল হক বলেন, বেতন না পাওয়ায় কর্মচারীরা ক্ষুব্ধ। এ জন্য কর্মচারী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (গতকাল) সভা ডাকা হয়েছে। আরেক কর্মচারী আবদুল খালেক বলেন, ‘আমাদের সংসার ওই স্বল্প বেতনে চলে। মাস শেষে ওই বেতনের দিকেই তাকিয়ে থাকতে হয়। গত মাসের বেতন না পাওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
২৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে শিগগিরই উপাচার্য নিয়োগের দাবি জানায় শিক্ষক সমিতি। এর পরেও উপাচার্য নিয়োগ না হওয়ায় এবং কর্মচারীদের বেতন না হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছেন শিক্ষক প্রতিনিধিরা। শিক্ষক সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলাম বলেন, কর্মচারীদের বেতন দিতে না পারলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিগগিরই উপাচার্য নিয়োগ দেওয়া জরুরি।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ উপাচার্য মো. রফিকুল হকের সঙ্গে তৃতীয় শ্রেণির এক নারী কর্মচারীর কথোপকথনের অডিও ও বেশ কয়েকটি স্থিরচিত্র ফাঁসের ঘটনা ঘটে। এর পর থেকে উপাচার্যের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আনে শিক্ষকদের একটি অংশ। এ ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে ৬১টি গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন শিক্ষকেরা। শিক্ষকদের দাবির মুখে উপাচার্য শেষ পর্যন্ত পদত্যাগ করেন।