বেতন পেলেন না শ্রমিকেরা
বেতন-ভাতাসহ অতিরিক্ত কাজের পারিশ্রমিক পাননি ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকালে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহত ও জীবিত উদ্ধার হওয়া পোশাকশ্রমিক এবং নিহত শ্রমিকদের স্বজনেরা। বিকেলে বেতন দেওয়ার জন্য সাভার সেনানিবাসের একটি মাঠে নিয়ে যাওয়া হয় শ্রমিকদের। সেখানে গিয়ে বকেয়া বেতন-ভাতা, অতিরিক্ত কাজের পারিশ্রমিকের (ওভারটাইম) সঙ্গে তিন মাস ১৩ দিনের বেতন দাবি করেন শ্রমিকেরা। কিন্তু তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠনের (বিজিএমইএ) প্রতিনিধিরা তা দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা তিন ঘণ্টা থাকার পর ফিরে আসেন।গতকাল রাত আটটার দিকে বিজিএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট এস এম মান্নান প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা চার মাসের বেতন দাবি করেন। তাঁদের প্রতিনিধি চলতি বকেয়া দেওয়ার জন্য টাকা নিয়ে গিয়েছিলেন। শ্রমিকদের চাহিদামতো টাকা দিতে না পারায় পরে তাঁরা চলে যান। পুনরায় শ্রমিকদের চাহিদা অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার জন্য বিজিএমইএ প্রতিনিধি গলফ ক্লাবে গেছেন। রাতে শ্রমিকদের ফিরিয়ে এনে পাওনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর আগে গতকাল সকাল সোয়া ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ধসে পড়া রানা প্লাজার কাছে রাজ্জাক প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বকেয়া বেতন, অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও আহত শ্রমিকদের পুনর্বাসন এবং নিয়ম অনুযায়ী আরও তিন মাস ১৩ দিনের বেতন দাবি করেন। এ সময় মহাসড়কটিতে শত শত যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের সঙ্গে আলাপ করে এক মাসের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেন। শ্রমিকদের দাবির মুখে জেলা প্রশাসক বেলা তিনটার মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলে দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরে তাঁদের সাভার সেনানিবাসের পাশে গলফ ক্লাবের মাঠে নিয়ে যাওয়া হয়। দোকানমালিকদের মানববন্ধন: রানা প্লাজার ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা ধসে পড়া ভবনের সামনে গতকাল দুপুরে মানববন্ধন করেছেন। এ সময় তাঁরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি করেন। রানা প্লাজার দোকানমালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ১৬০টি দোকান ছিল। তাঁদের অন্তত ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।