বেতন পেলেন বাগমারার ১১ শিক্ষক-কর্মচারী
রাজশাহীর বাগমারার পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ১১ শিক্ষক-কর্মচারী গতকাল সোমবার গত মাসের বেতন তুলতে পেরেছেন। স্বাক্ষর জাল করে বেতনের বিল জমা দেওয়া হয়েছে—এমন অভিযোগ আসায় ব্যাংক বেতনের টাকা দিচ্ছিল না।
শিক্ষকেরা বলেন, বাগমারার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখার মাধ্যমে পরিশোধ করা হয়। কারিগরি শাখার স্মারক ২ মার্চ আসে। গত ১৪ ফেব্রুয়ারি বিল জমা দেওয়া ও বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন ছিল। কারিগরি শাখার স্মারক পৌঁছানোর পর পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এমপিওভুক্ত ১৩ জন শিক্ষক-কর্মচারীর বেতন বিলের কাগজপত্র প্রস্তুত করে ব্যাংকে পাঠানো হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তা গ্রহণ না করে ফেরত পাঠায়।
কয়েক দফা ব্যাংকের ওই শাখাতে যোগাযোগ করে সর্বশেষ ২৩ তারিখ বেতন বিল জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। ওই দিন বিকেল পর্যন্ত মাত্র দুজন শিক্ষককে বেতন দেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে বেতনের বিল জমা দেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠলে তারা ইউএনওর নির্দেশে বেতন দেওয়া বন্ধ করে দেয়।
এ বিষয়টি নিয়ে ২৫ মার্চ প্রথম আলোয় ‘ব্যাংকের গাফিলতিতে গত মাসের বেতন পাননি ১১ শিক্ষক-কর্মচারী’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আজিজ বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্যাংকের ব্যবস্থাপক তাঁদের ১১ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা দিতে সম্মতি প্রকাশ করেন। গতকাল ১১ জন শিক্ষক-কর্মচারী নিজ নিজ হিসাব থেকে গত ফেব্রুয়ারি মাসের সরকারি অংশের বেতন-ভাতা উত্তোলন করেন। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নির্দিষ্ট সময়ে বেতন পেলেও ইউএনওর কথা বলে শুধু তাঁদের দেওয়া হয়নি।
ইউএনও নাছরিন আক্তার বলেন, কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা না দেওয়ার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে কোনো নির্দেশ দেননি।