দেশের বেসরকারি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেতন ও ভর্তি ফি নির্ধারণ করে দিয়ে একটি নীতিমালা করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য খসড়া তৈরি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নীতিমালা চূড়ান্ত করতে আজ মঙ্গলবার সভা ডাকা হয়েছে। সরকার-নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে।
খসড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। মহানগর এলাকায় অবস্থিত ‘এ’ শ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠানের মাসিক বেতন ধরা হয়েছে সর্বোচ্চ তিন হাজার টাকা এবং মহানগরের বাইরের জন্য দেড় হাজার টাকা। মহানগরের ‘বি’ শ্রেণির প্রতিষ্ঠানের জন্য দুই হাজার টাকা, বাইরের জন্য এক হাজার এবং মহানগরের ‘সি’ শ্রেণির প্রতিষ্ঠানের জন্য দেড় হাজার ও মহানগরের বাইরের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
আর ভর্তি ও সেশন ফি মহানগর এলাকায় অবস্থিত ‘এ’ শ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ৩০ হাজার এবং মহানগরের বাইরে অবস্থিত একই শ্রেণির প্রতিষ্ঠানের জন্য ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মহানগর এলাকায় অবস্থিত ‘বি’ শ্রেণির প্রতিষ্ঠানের জন্য ১৮ হাজার ও বাইরের জন্য সাত হাজার টাকা এবং মহানগরের ‘সি’ শ্রেণির জন্য আট হাজার ও বাইরের জন্য চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
৭০০ বা তার অধিক শিক্ষার্থী, প্রয়োজনীয় অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা থাকা শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘এ’ শ্রেণির, ৪০০ থেকে ৭০০–এর নিচে শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানকে ‘বি’ শ্রেণির এবং ৪০০–এর নিচে থাকা প্রতিষ্ঠানকে খসড়ায় ‘সি’ শ্রেণির হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয় যেভাবে বেতন ও ফি নির্ধারণ করছে, তাতে করে প্রতিষ্ঠান চালানো যাবে না। কারণ, এসব প্রতিষ্ঠানকে সরকার কোনো অর্থ-সহায়তা দেয় না। শিক্ষকদের বেতনসহ অন্যান্য খরচও বেশি।
ধানমন্ডি এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়ের প্রধান প্রথম আলোকে বলেন, তাঁর বিদ্যালয়টি হয়তো বি শ্রেণির হবে। তাঁর প্রতিষ্ঠানেই মাসে খরচ হয় অন্তত সাত থেকে আট লাখ টাকা। বাড়িভাড়া ও শিক্ষকদের বেতন বেশি। ফলে সরকার যেভাবে ফি ও বেতন ঠিক করে দিচ্ছে, তাতে প্রতিষ্ঠান চালানো কঠিন হবে।
তবে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের ফি ও বেতনকাঠামো কমানোর দাবিতে আন্দোলনকারীদের একজন রাজধানীর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আমিনা রত্না প্রথম আলোকে বলেন, ‘ফি ও বেতনকাঠামো নির্ধারণের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিন শ্রেণিতে ভাগ করায় আপত্তি আছে।’ তাঁর মতে, ‘এ’ শ্রেণির প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ক্যাম্পাস, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক, পর্যাপ্ত অবকাঠামো ও শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি থাকতে হবে।
এদিকে ২০০৭ সালে ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা বেসরকারি (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা অনুযায়ী শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ করার কথা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির। এ জন্য নীতিমালা চূড়ান্ত করতে কিছুটা বেকায়দায় পড়েছে মন্ত্রণালয়। এখন বিধিমালা সংশোধন না করে নতুন নীতিমালা করলে চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা আছে।
নীতিমালা তৈরির সঙ্গে যুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহী রহমান বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছি। কিন্তু বিধিমালার একটি ধারা নিয়ে কিছুটা সমস্যা আছে। সেটা সমাধান করে নীতিমালাটি করার জন্য সভা ডাকা হয়েছে।’