হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর চা-বাগানের শ্রমিকদের বেতন-ভাতা ও রেশন দুই মাস ধরে বন্ধ রয়েছে। এতে ৪১৬ শ্রমিক পরিবারের দুই সহস্রাধিক সদস্য মানবেতর জীবনযাপন করছেন।
চা-বাগানের মালিক বি ডি মুখার্জি ও পি কে মুখার্জি নামের দুই সহোদর। গত ১৭ মে লোকসান দেখিয়ে মালিকপক্ষ বাগানটির কার্যক্রম বন্ধ করে দেয়। ৯৫৬ একর আয়তনের বাগানটিতে ৪১৬ জন শ্রমিক কর্মরত আছেন। তাঁদের আয়ের ওপর নির্ভর করে চলেন পরিবারের আরও দুই সহস্রাধিক সদস্য।
শ্রমিকেরা বলেন, উৎপাদন বন্ধ করে দেওয়ার পর থেকে মালিকপক্ষ বাগানে আসা-যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। বাগানের কর্মকর্তা ও কর্মচারীরাও নিয়মিত কার্যালয়ে আসছেন না। এ নিয়ে শ্রমিকেরা প্রতিবাদ-সমাবেশ ও আন্দোলন করে আসছেন। তাঁরা বেতন-ভাতা, রেশন, চিকিৎসা ও বিদ্যুৎ সুবিধার দাবিতে জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। গত সোমবার তাঁরা এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। এতে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাসহ লস্করপুর ভ্যালির ২৩টি বাগানের পঞ্চায়েত নেতারা ছিলেন। বেতন-ভাতা বন্ধ থাকায় ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বাগানে উৎপাদিত চা-পাতা গুদামে আটকে রাখেন। এ সময় বাগানের মালিক বি ডি মুখার্জি শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে এগুলো ছাড়িয়ে নিতে চাইলে শ্রমিকেরা তা মেনে নেননি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল চৌহান বলেন, চা-বাগান বন্ধ থাকায় শ্রমিকদের জীবন অনাহারে-অর্ধাহারে কাটছে। সরকারিভাবেও কোনো সাহায্য-সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
শ্রমিক রূপন্তী রবি দাস বলেন, হঠাৎ করে বাগান বন্ধ করে দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়ে গেছেন। জমানো অল্প সঞ্চয় ভেঙে কয়েক দিন কেটেছে। এখন অন্যের কাছ থেকে ধারদেনা করে চলতে হচ্ছে। সব শ্রমিকের একই রকম অবস্থা।
শ্রমিক মিনতি কৈরী বলেন, আর্থিক সংকটের কারণে ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ রয়েছে। তাঁরা ঠিকমতো চিকিৎসাও পাচ্ছেন না। অথচ মালিকপক্ষ তাঁদের দিকে তাকাচ্ছে না।
শ্রমিক মোহন রবি দাস বলেন, শ্রমিকদের ভবিষ্য-তহবিলের অর্থ ২৪ মাস ধরে জমা হচ্ছে না। এ বিষয়ে মালিকপক্ষকে জিজ্ঞাসা করলে তারা জবাব দিচ্ছে না।
বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মনিব কর্মকার বলেন, শ্রমিকদের সঙ্গে কথাবার্তা না বলে হঠাৎ করে সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। এখন যোগাযোগ করলে মিথ্যা আশ্বাস দিয়ে চলছে মালিকপক্ষ।
বাগানের ব্যবস্থাপক মো. শাহজাহান ভূঁইয়া বলেন, বাগানটি দুই বছর ধরে লোকসান দিচ্ছে। অনেক দেনা করে বাগানটি চালু রাখার চেষ্টা করেও তা কাটিয়ে উঠতে পারছেন না তাঁরা। এ কারণে কিছুটা সমস্যা চলছে। তবে এ বিষয়ে বাগানের শ্রমিক ও মালিকের মধ্যে সমঝোতা সভা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য বাগানের মালিক বি ডি মুখার্জির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, তিনি চা-বাগানের মালিক বি ডি মুখার্জির সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। তিনি প্রশাসনকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করবেন।