বেতন বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিক-বিক্ষোভ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা ও রেশন বন্ধ রাখার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা-বাগানের শ্রমিকেরা গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। পরে চলমান সংকট নিরসনে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুপুর ১২টায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নৃপেন পাল, বৈকুণ্ঠপুর চা-বাগানের সভাপতি রামনাথ কেউই, বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের উপদেষ্টা মোহন রবিদাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৫ সপ্তাহ যাবৎ বৈকুণ্ঠপুর চা-বাগানের শ্রমিকদের মজুরি, চিকিৎসাসেবা, রেশনসহ অন্য সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ রয়েছে। এমনকি ২৬ মাসের শ্রমিকদের ভবিষ্য তহবিলের টাকা বাগান কর্তৃপক্ষ জমা দেয়নি। বক্তারা আরও বলেন, চলমান এ-সংকটের কারণে বাগানের শ্রমিকদের জীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। তাঁদের অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে।

মোহন রবিদাস প্রথম আলোকে বলেন, গত ১০ জুলাই বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন, উপ-শ্রম অধিদপ্তর (ডিডিএল) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বৈকুণ্ঠপুর চা-বাগানের মালিক প্রদীপ মুখার্জি ২৫ জুলাইয়ের মধ্যে চলমান সমস্যা দূর করার আশ্বাস দিয়েছিলেন। এ বিষয়ে তিনি লিখিত অঙ্গীকারও করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান মেলেনি।

এ বিষয়ে প্রদীপ মুখার্জির মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।