বেতন বন্ধ সাত মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় ১৯৯৬ সাল থেকে অস্থায়ী ভিত্তিতে এমএলএসএস পদে কর্মরত আছেন মিজানুর রহমান (৪৫)। বেতন-ভাতা মাসে মাত্র দুই হাজার টাকা। এই টাকা দিয়েই স্ত্রী-সন্তানসহ পাঁচ সদস্যের সংসার কোনো রকম চালাচ্ছিলেন তিনি। কিন্তু সাত মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মহাবিপাকে পড়েছেন। ঋণের বোঝা প্রতিদিন ভারী হচ্ছে তাঁর।এমএলএসএস মিজানুর রহমানের মতো দর্শনা পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচিত পৌর পরিষদ সাত মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছে না। চরম অর্থসংকটে ঋণগ্রস্ত হয়ে পড়ায় পৌরসভায় এই অচলাবস্থা দেখা দিয়েছে। পৌর মেয়র মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজেট ঘাটতির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। বিগত পরিষদ উন্নয়ন বন্ধ রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচির টাকায় বেতন-ভাতা পরিশোধ করলেও বর্তমানে তহবিল শূন্য। কবে নাগাদ বেতন-ভাতা পাওয়া যাবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর মিলে ১৩ সদস্যের পৌর পরিষদের পাশাপাশি স্থায়ী তিনজন কর্মকর্তা ও ২৬ জন কর্মচারী এবং ৪৩ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন। প্রতি মাসে মেয়রের ১২ হাজার এবং কাউন্সিলরদের তিন হাজার টাকা ভাতা নির্ধারিত রয়েছে। স্থায়ী কর্মকর্তাদের বেতন-ভাতা আট হাজার থেকে ২০ হাজার এবং মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের এক হাজার ৬৫০ থেকে দুই হাজার টাকা। ২০১০ সালের জুলাইয়ের পর নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা কেউই বেতন-ভাতা পাননি। প্রতি মাসে সাড়ে চার লাখ টাকা হিসাবে তাঁদের পাওনা হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।দর্শনা পৌরসভা দীর্ঘদিন ধরে অর্থসংকটে থাকলেও ৬ ফেব্রুয়ারি বিষয়টি প্রথম জানাজানি হয়। এদিন নবনির্বাচিত পরিষদ দায়িত্বভার গ্রহণ করে। পরে নবনির্বাচিত মেয়র মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রায় ৭০ লাখ টাকার ঋণের বোঝা নিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতন-ভাতার টাকার জোগান দিতে গিয়ে পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডও নিদারুণভাবে ব্যাহত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পৌর এলাকার রাস্তাঘাট, নালা-নর্দমা, কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ টাকা উন্নয়নে না লাগিয়ে গত পরিষদ সেখান থেকে ২৫ লাখ টাকা বেতন-ভাতা হিসেবে পরিশোধ করেছে। পাঁচ বছর ধরে এভাবে এডিপির টাকায় বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। শুধু বাজেট ঘাটতির কারণেই ১৯৯৯ সালের ৭ জানুয়ারির পর পৌরসভা বিদ্যুৎ বিভাগকে কোনো বিল দিতে পারেনি।সাবেক মেয়র মতিয়ার রহমান ভারতে অবস্থান করায় এ ব্যাপারে তাঁর মন্তব্য জানা যায়নি। বর্তমান মেয়র মহিদুল ইসলাম জানান, দায়িত্ব গ্রহণের দিনই ৭০ লাখ টাকার ঋণের হিসাব ধরিয়ে দেওয়া হয়েছে হাতে। এ হিসাব আরও বাড়তে পারে।