বেতন বাড়াতে স্থায়ী পে-কমিশন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত স্থায়ী পে-কমিশন হচ্ছে। এর মাধ্যমে প্রায় ১৩ লাখ সরকারি চাকরিজীবী নতুন কাঠামো অনুযায়ী বাড়তি বেতন-ভাতা পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার এই ঘোষণা দিয়েছেন। গতকাল বিকেলে রাজধানীতে বঙ্গবাজারের কাছে সদ্য নির্মিত ১৫০ আসনের সরকারি কর্মচারী হাসপাতালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-কমিশন পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তাঁদের বেতন কখন বাড়বে, এ জন্য তাঁরা দীর্ঘ সময় প্রতীক্ষা করেন। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য একটি স্থায়ী পে-কমিশন গঠন করার পরিকল্পনা করছে সরকার।

নির্বাচনের আগে বা নির্বাচিত হওয়ার ঠিক পরপরই পে-কমিশন ঘোষণার একটি রীতি চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন পে-কমিশন গঠনের ঘোষণা এসেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০০৯ সালের ১১ নভেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়ছিল। ওই বেতনকাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় সর্বোচ্চ ৭৪ শতাংশ ও সর্বনিম্ন ৫৬ শতাংশ। সর্বোচ্চ বেতন ৪০ হাজার এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল চার হাজার ১০০ টাকা। এ ছাড়া অন্যান্য আর্থিক সুবিধা সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। এরও আগে ২০০৫ সালে সর্বশেষ বেতনকাঠামো কার্যকর করা হয়েছিল।

জানা গেছে, গত ২ জুন সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ গঠন করার কথা জানান। ওই সময় অর্থমন্ত্রী বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি নির্ধারণ করা জটিল বিষয়। এ-সংক্রান্ত একটি স্থায়ী কমিশন গঠিত হলে কমিশন এটি নিয়ে সব সময় কাজ করবে এবং তারা এ বিষয়ে সরকারকে পরামর্শ বা সুপারিশ দেবে।

২০১৩-১৪ অর্থবছরের বাজেটেও স্থায়ী পে-কমিশন গঠনের ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ।

এদিকে, গতকালের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে বর্তমান সরকার খুবই আন্তরিক উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করেছে। মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারীদের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির কোটা সংরক্ষণ করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য চাকরির বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে এবং ১ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম এবং সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদার বক্তব্য দেন।