বেতন বাড়ানোর প্রস্তাব সচিবদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবসহ সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির প্রস্তাব করেছেন সরকারের সচিবেরা। মন্ত্রিপরিষদ বিভাগে গতকাল বুধবার অনুষ্ঠিত সচিব সভায় এ প্রস্তাব করা হয়। 
সভায় বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য পে কমিশন কাজ করছে। তাতে সচিবদের বেতনকাঠামো কেমন হবে, কেউ কেউ তা জানতে চান। সভা থেকে এ বিষয়ে সচিবদের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়।
সচিব সভায় নির্দিষ্ট আলোচ্যসূচি (এজেন্ডা) না থাকলেও কী কী বিষয় আলোচনা হতে পারে, তার একটি তালিকা আগেই তৈরি করা হয়। তাতে বেতন বৃদ্ধির প্রস্তাব ছাড়াও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সুরক্ষার বিষয়টি সুদৃঢ় করা, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ যুগোপযোগী করা, প্রশাসনিক সংস্কার, কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের (এসিআর) পরিবর্তে কর্মভিত্তিক মূল্যায়নব্যবস্থা দ্রুত বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার, জনপ্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ দ্রুত চালু, প্রশাসন ক্যাডারে নতুন পদ সৃজন, সচিবালয়ের ভেতর বহুতল গাড়ি পার্কিং ভবন নির্মাণ, মন্ত্রণালয় ও বিভাগগুলোতে তদারক ও মূল্যায়নের জন্য স্বতন্ত্র শাখা খোলাসহ মন্ত্রণালয়ভিত্তিক একগুচ্ছ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে গতকালের সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
লিখিত প্রস্তাবের মধ্যে আরও রয়েছে যুগ্ম সচিব বা সমমানের পদে কর্মরত কর্মকর্তাদের বিদেশ গমনের ছুটির ক্ষেত্রে নিজ মন্ত্রণালয়ের সচিবের কাছে ক্ষমতা অর্পণ, কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মঘণ্টার (বছরে ১০০ ঘণ্টা) প্রশিক্ষণ নিশ্চিত করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতার জন্য প্রয়োজনীয় পুলিশ নিয়োগ, শূন্য পদ পূরণ, সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগে নিরুৎসাহিত করা, মেধাভিত্তিক পদোন্নতি ও নির্বাচনী ইশতেহারভিত্তিক কর্মপরিকল্পনা করা।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদ সভায় আলোচনা হওয়া বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি জানান, সভায় ফেসবুকে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য শুধু সচিবদের জন্য ফেসবুকে একটি গ্রুপও খোলা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রশাসনের সব কর্মকর্তাকে ফেসবুকে অন্তর্ভুক্ত হয়ে নিজেদের মধ্যে প্রশাসনসংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।
সভায় প্রধানমন্ত্রী সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে যেসব নির্দেশনা দিচ্ছেন, সেগুলো দ্রুত ও ঠিকমতো বাস্তবায়নের জন্য তাগিদ এবং বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬০ জন সচিব উপস্থিত ছিলেন। এর মধ্যে ১৬ জন সচিব বক্তব্য দেন।