ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় ‘তাল্লু স্পিনিং মিল’ কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
কর্মবিরতি পালনকারী শ্রমিকেরা অভিযোগ করেন, কারখানাটিতে প্রায় এক হাজার নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। তাঁরা কেউ শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা পান না। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস পেলেও এ সময় বেতন দেওয়া হয় না। নিয়ম অনুযায়ী একজন শ্রমিকের প্রাথমিক বেতন তিন হাজার টাকা হলেও এখানে তা মানা হয় না। মাসিক বেতনও নিয়মিত দেওয়া হয় না।
একজন নারী শ্রমিক জানান, তাঁকে তিন মাস মাতৃত্বকালীন ছুটি দেওয়া হলেও বেতন দেওয়া হয়নি। এ সময় বেতন দাবি করলে কারখানার কর্মকর্তারা খারাপ আচরণ করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, গত জুন ও জুলাইয়ে তাঁরা বেতন পাননি। এখানে অঞ্চলভেদেও শ্রমিকদের সঙ্গে বেতনবৈষম্য করা হয়। ময়মনসিংহের বাইরের জেলা থেকে আসা শ্রমিকদের চেয়ে ময়মনসিংহের শ্রমিকদের বেতন কম দেওয়া হয়। এসব অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে গতকাল দুপুরে কারখানায় কয়েক শ শ্রমিক কর্মবিরতির ঘোষণা দিয়ে ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাল্লু মিলের ভেতরে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য তাল্লু স্পিনিং মিলের পরিচালক রফিকুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কারখানার একজন কর্মকর্তা বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা হবে। সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করা হবে।