বেতন বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ
দেশের বিভিন্ন বিদ্যালয়ে বেতন বাড়ানোর প্রতিবাদে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন বিদ্যালয়ে অস্বাভাবিক হারে বেতন বাড়ানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে ঢাকা ও চট্টগ্রামের বিদ্যালয়গুলোতে। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় বেতন ও ভর্তি ফির কথা নির্দিষ্ট করা আছে। কিন্তু বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই বেতন বাড়িয়েছে ৪০ থেকে ১০০ ভাগ পর্যন্ত, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা নগর শাখার সভাপতি নাঈম খালেদের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় অর্থ সম্পাদক মলয় সরকার, প্রচার সম্পাদক রাশেদ শাহরিয়ার, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার প্রমুখ বক্তব্য দেন।