বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের কালামপুরের সোয়েটার ল্যান্ড পোশাক কারখানায় মজুরি বাড়ানোর দাবিতে গতকাল রোববার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। একই দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।ধামরাইয়ের সোয়েটার ল্যান্ড পোশাক কারখানার শ্রমিক শহীদুল ইসলাম, হাসান ও নজরুলসহ কয়েকজন জানান, আগে তাঁদের কাজের ধরন অনুযায়ী সোয়েটারপ্রতি বিভিন্ন দরে মজুরি দেওয়া হতো। কিন্তু মাস দুয়েক ধরে প্রতিটি সোয়েটারেই ১০ থেকে ১৫ টাকা করে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে কারখানার সাত শতাধিক শ্রমিক শনিবার কাজ বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার পরিচালক আকরাম উদ্দিন খানের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়। শ্রমিকেরা জানান, নিয়ম অনুযায়ী তিন মাস ১৩ দিনের বেতন দিয়ে দিলে তাঁরা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে চলে যাবেন। না হলে আন্দোলনে নামবেন। কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবদুল হান্নান বলেন, কোনো শ্রমিক স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিলে নিয়ম অনুযায়ী কর্মদিবসের মজুরি ছাড়া অন্য কোনো সুযোগ-সুবিধা পাবেন না। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এদিকে সোনারগাঁর কাঁচপুরে ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিক আবদুর রহিমসহ কয়েকজন জানান, গতকাল সকালে তাঁরা ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা, যাতায়াত ভাতা এবং হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। টেক্সটাইল গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন দাবি করেন, হাজিরা বোনাস ও যাতায়াত ভাতা দেওয়ার কোনো বিধান নেই। তারপরও শ্রমিকেরা কাজ বর্জন করে আন্দোলন নেমেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে।