বেতন বাড়ানোর দাবিতে সুতা কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বাড়ানো ও চাকরি স্থায়ী করাসহ নয় দফা দাবিতে চট্টগ্রামে সুতা কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত পাঁচ আহত হয়েছে। চট্টগ্রামের সাগরিকার কোটস বাংলাদেশ লিমিটেড নামের সুতা কারখানায় এ ঘটনা ঘটে।জানা গেছে, আহতদের মধ্যে মো. ইসলাম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। একই হাসপাতালে মো. জাবেদ নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কারখানার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক হাসেম রেজা অভিযোগ করেন, বেতন-ভাতা বাড়ানোসহ নয় দফা দাবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু মালিকপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কারখানার বেশ কিছু কাচ ভাঙচুর করেন।’জানা গেছে, বেলা দুইটার দিকে শ্রমিকেরা দাবি পেশ করেন। এ সময় কিছু শ্রমিক বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমাদের তো ভেতরে ঢুকতে দেয়নি। আমাদের সঙ্গে কীভাবে শ্রমিকদের সংঘর্ষ হবে? শ্রমিকেরা ভেতরে ভাঙচুর করেছেন। আর মালিকপক্ষের সঙ্গে হয়তো তাদের মারামারি হতে পারে।’এ ব্যাপারে কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক খালেদ মাসুদকে বারবার ফোন করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক চলছিল বলে জানা গেছে।