বেতন বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বেতন বৃদ্ধি, শ্রেণীকক্ষে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা না থাকার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলের বেতন বাড়ানো, শ্রেণীকক্ষে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা ও বেঞ্চ না থাকা, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা, অনাদায়ে শারীরিক শাস্তির বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এ ঘটনায় গত রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা ওই মহাসড়কের পৌর শহরের কলেজ গেট থেকে থানা মোড় পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা ইটপাটকেল ছুড়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা করে। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ইউএনও কার্যালয়ে যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে যায়।
তবে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে স্থানীয় পরিবহনশ্রমিকেরা দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্যাহ চৌধুরী বেতন বাড়ানোর কথা স্বীকার করে বলেন, প্রতিটি শ্রেণীকক্ষেই পাখা রয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক রাখার জন্য জরিমানার নিয়ম করা হয়েছে। জরিমানার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ৯০ ভাগ বৃদ্ধি পেয়েছে। তবে তিনি শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন।