বেতন বৃদ্ধি ইতিবাচক, চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
অষ্টম পে-স্কেল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি আনবে। এটা তাঁদের ও সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এই বেতন বৃদ্ধির কারণে সরকারের মূল চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।
আজ সোমবার মন্ত্রিপরিষদ অষ্টম পে-স্কেল অনুমোদন করেছে। পে-স্কেল অনুমোদনের পর প্রথম আলোর সঙ্গে আলাপকালে সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদেরা এ কথা বলেন।
অবশ্য তাঁরা মনে করেন, পে-স্কেল হওয়ার পর কেউ কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে কোনো কোনো বাড়িওয়ালা অতীতে পে-স্কেল হওয়ার পর বাড়িভাড়া বাড়িয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়ানোর প্রবণতাও দেখা গেছে। সরকার ও বিভিন্ন সংস্থাকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। এ ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করা গেলে পে-স্কেলের সুফল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেমন পাবেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষও পাবেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, নতুন পে-স্কেল অর্থনীতিতে গতি সঞ্চার করবে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে তাঁদের ক্রয়ক্ষমতা বাড়বে। ফলে ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরও এর সুবিধা পাবে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাপনে স্বাচ্ছন্দ্য আসবে। এটি তাঁদের জন্য খুবই ইতিবাচক হবে।
আলী ইমাম বলেন, বেতন বৃদ্ধির কোনো অপকারিতা নেই। কিন্তু দেখা যায় কেউ না কেউ এর কারণে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবে। এটা রুখতে হবে।
কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, পে-স্কেল অবশ্যই তাঁদের জন্য স্বস্তি আনবে। তবে এর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগে মেধাকে গুরুত্ব দেওয়া, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে যদি কর্মকর্তার যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়, তবে এর প্রভাব শতভাগ ইতিবাচক হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এবার বেতন বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি হবে বলে মনে হয় না। বেতন বৃদ্ধি হওয়াটা দরকার ছিল। কেননা ছয় বছর পর নতুন পে-স্কেল এসেছে। এই সময়ের মধ্যে সরকারি চাকুরেদের ক্রয়ক্ষমতা কমেছে। তাই ক্রয়ক্ষমতার নিরিখে ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আলোকে বেতন বাড়ানোটা দরকার ছিল।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বেতন বৃদ্ধির কারণে যারা অনৈতিক সুবিধা নিতে চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকারকে সতর্ক থাকতে হবে। সরকারি চাকুরেদের স্বস্তি যেন না চলে যায়, সেদিকে সরকারকে নজর দিতে হবে।