অস্থায়ী শ্রমিক, সেবক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি ও শতভাগ উৎসব ভাতা প্রদান করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগর ভবন চত্বরে এই সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ (সিবিএ)।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও নিছার উদ্দিন আহমেদ, কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু ও মোহাম্মদ জাবেদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম ও প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী ও চট্টগ্রাম নগর শাখার সভাপতি বখতেয়ার উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিএর সভাপতি দোস্ত মোহাম্মদ।
সংবর্ধনার জবাবে মেয়র আ জ ম নাছির উদ্দীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের স্বার্থ সংরক্ষণে আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তবে আপনাদেরও নগরের উন্নয়নে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। কেননা এই নগর আপনার-আমার সকলের।’
প্রসঙ্গত, সিটি করপোরেশনের অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অনুযায়ী ২৭ থেকে ৩২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।