বেতন বৃদ্ধিতে বৈষম্যের অভিযোগে মির্জাপুরে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৃদ্ধিতে বৈষম্যের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত নিউটেক্স ডিজাইন লিমিটেডের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, গতকাল নিউটেক্স ডিজাইন লিমিটেডের শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা কর্তৃপক্ষের বিরুদ্ধে বেতন বৃদ্ধিতে বৈষম্যের অভিযোগ এনে কাজ বন্ধ করে বেরিয়ে এসে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ করেন। কারখানার পরিচালক নুরুল ইসলাম জানান, সরকার-নির্ধারিত মজুরিকাঠামো বাস্তবায়ন করাতে পুরোনো শ্রমিকদের চেয়ে নতুন শ্রমিকদের বেতন তুলনামূলক বেশি বেড়েছে। এ নিয়ে পুরোনো শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। শ্রমিকদের সঙ্গে আলাপ করার পর তাঁদের জানানো হয়, কাল বৃহস্পতিবার থেকে বৈষম্য দূর করে বর্ধিত বেতন দেওয়া হবে। পরে শ্রমিকেরা কাজে যোগ দেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, বিক্ষোভের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেতনবৈষম্য দূর করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন শ্রমিকেরা।