বেতন বৃদ্ধির গুজব বিক্ষোভ-ভাঙচুর
সরকার গত মঙ্গলবার পোশাকশ্রমিকদের বেতন ন্যূনতম আট হাজার টাকা করার ঘোষণা দিয়েছে বলে গতকাল বুধবার গাজীপুরে গুজব ছড়ানো হয়। ওই ‘ঘোষণা’ বাস্তবায়নের দাবিতে গতকাল গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার দুটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন এবং যানবাহনে ভাঙচুর চালান।
অথচ পোশাকশ্রমিকদের বেতন বাড়াতে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের পঞ্চম সভায় মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ শতাংশ বা ৬০০ টাকার বেশি বাড়াতে পারবে না বলে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী শ্রমিকদের নিম্নতম মজুরি দাঁড়ায় তিন হাজার ৬০০ টাকা। ওই প্রস্তাবে দ্বিমত পোষণ করেছেন ছয় সদস্যবিশিষ্ট বোর্ডের দুই সদস্য। আগামী ২১ অক্টোবর বোর্ডের পরবর্তী সভা হবে। এ নিয়ে গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘মাত্র ৬০০ টাকা মজুরি বাড়াবেন মালিকেরা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
আন্দোলনকারী কয়েকজন শ্রমিক ও শিল্প পুলিশের কর্মকর্তারা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গিভেন্সি গ্রুপের জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ও ক্যাসিও অ্যাপারেলস নামের দুটি কারখানা রয়েছে। ওই দুটি কারখানার শ্রমিকদের মধ্যে কেউ গুজব ছড়ায়, মঙ্গলবার সরকারিভাবে শ্রমিকদের বেতন ন্যূনতম আট হাজার টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা বাস্তবায়নের দাবিতে শ্রমিকেরা গতকাল সকাল নয়টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন শ্রমিকেরা। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এতে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে পুলিশ লাঠিপেটা শুরু করেন। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে শিল্প পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। সহিংসতা এড়াতে পরে দুটি কারখানা কর্তৃপক্ষ গতকালের জন্য ছুটি ঘোষণা করে।
এ ব্যাপারে কথা বলতে গিভেন্সি গ্রুপের ব্যবস্থাপক মো. রানার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন বলেন, বহিরাগত কেউ শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়াতে এসব গুজব ছড়াচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।