বেতন বৃদ্ধির দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় গতকাল শনিবার শিশির ডায়িং অ্যান্ড নিটিং কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও সময়মতো পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। আন্দোলনকারী শ্রমিকেরা জানান, ডায়িং কারখানায় মেশিন বাড়ানো হয়েছে। আগের তুলনায় এখন দ্বিগুণ কাজ করতে হয়। কিন্তু কারখানার মালিক অতিরিক্ত কাজের ভাতা দিচ্ছেন না কিংবা বেতন বাড়াচ্ছেন না। এ কারণে কারখানার ৪৫০ জন শ্রমিক চলতি মাস থেকে বেতন বৃদ্ধি ও সময়মতো তা পরিশোধের দাবিতে গতকাল সকালে কারখানার বাইরে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাঁদের ছাঁটাইয়ের হুমকি দিয়ে প্রবেশের প্রধান দরজা বন্ধ করে দেয়। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে স্থানীয় একজন সাবেক কাউন্সিলরের মধ্যস্থতায় শ্রমিকেরা কাজে যোগ দেন। এ ব্যাপারে কারখানার সহকারী মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা আল মামুন বলেন, শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। তবে কী সমঝোতা হয়েছে তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। কারখানার সাবেক সহকারী মহাব্যবস্থাপক এম এইচ রানা বলেন, নিয়মিত বেতন পরিশোধ না করায় তিনিসহ পাঁচজন কর্মকর্তা গত জানুয়ারি মাসে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।