বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেসরকারি প্রতিষ্ঠান প্রাইম মেডিকেল কলেজে মাসিক বেতন কমানোসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের মাসিক বেতন (টিউশন ফি) গড়ে এক হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত ঘোষণা করার পর তাঁরা বিক্ষোভ শুরু করেন। চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী জানান, মাসিক বেতন পাঁচ হাজার ২২৫ টাকা থেকে ছয় হাজার ২৭৫ টাকা করা হয়েছে। এর প্রতিবাদ করলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে। গত শনিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণ, মাসিক বেতন কমানো, ছাত্রাবাস সমস্যার সমাধানসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে আবারও বিক্ষোভ হয়। কলেজ সূত্র জানায়, চার বছর আগে প্রতিষ্ঠিত এ কলেজের চারটি শিক্ষাবর্ষে ৪০০ শিক্ষার্থী রয়েছে। ভর্তির সময় প্রতি শিক্ষার্থীর কাছ থেকে জামানত হিসেবে ১২ লাখ করে টাকা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এ বছর এই জামানতের টাকা অনেক বাড়ানো হয়েছে। কোনো মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটাও নেই। শিক্ষার্থীদের বসবাসের জন্য ছাত্রাবাস থাকার নিয়ম থাকলেও একটি ছাত্রাবাসও গড়ে তোলা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, অসুস্থসহ যেকোনো কারণে কলেজে অনুপস্থিত থাকলে ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এটি একটি অমানবিক ব্যাপার। কলেজ অধ্যক্ষ এম এ ওয়াজেদ শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানোর কথা স্বীকার করেছেন। বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে তিনি জানান। প্রাইম হাসপাতালের স্বত্বাধিকারী আক্কাস আলী বলেন, শিক্ষার্থীদের এসব দাবির ব্যাপারে খুব শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।