বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
বেতন বৃদ্ধির প্রতিবাদে গত মঙ্গলবার পাবনার চাটমোহর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কলেজের শ্রেণীকক্ষগুলোতে ভাঙচুর চালান।শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার ফরম পূরণ ২ আগস্ট থেকে শুরু হয়েছে। চলবে ২২ আগস্ট পর্যন্ত। ঈদের কারণে ১৬ আগস্টের মধ্যে ফরম ফিলাপ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাঁরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বাদে কলেজ কর্তৃপক্ষ বেতন ও অন্যান্য ফি এক হাজার টাকা বাড়িয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল সকালে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে শ্রেণীকক্ষের কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, সম্প্রতি শিক্ষকদের বকেয়া পাওনাদি পরিশোধের জন্য শিক্ষার্থীদের বেতনসহ অন্যান্য ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।