আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাসিক বেতন বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গতকাল শনিবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখার (মতিঝিল, বনশ্রী ও মুগদা) অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ফোরাম’-এর মুগদা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অভিভাবকেরা বলেন, গত ২৩ সেপ্টেম্বর একতরফাভাবে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বেতন বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা করা হয়নি। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
অভিভাবকেরা বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে বেতন ছিল ৯০০ টাকা। আর ইংরেজি ভার্সনে ছিল ১ হাজার ২০০ টাকা। বর্তমানে প্রতিটি শ্রেণিতে ২৫০ টাকা করে বাড়ানো হয়েছে। এ ছাড়া জুলাই মাসে কলেজ পর্যায়ে ৪০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে।
অভিভাবক ফোরামের মুগদা শাখার সভাপতি সওগাত উল আলমের সভাপতিত্বে মানববন্ধনে ফোরামের সভাপতি জিয়াউল কবির, সহসভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আল মামুন, সদস্য হেনা আক্তার বক্তব্য দেন।
এ বিষয়ে জানতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি৷