বেতন বৃদ্ধির হারে ওপরে-নিচে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপরের পদের সরকারি কর্মকর্তাদের চেয়ে নিম্ন পদের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার অনেক কম হচ্ছে। যেখানে গ্রেড-১ বা সর্বোচ্চ গ্রেডের (ধাপ) মূল বেতন বাড়ছে প্রায় ৬৩ শতাংশ (মহার্ঘ ভাতার হিসাবসহ), সেখানে সর্বনিম্ন ধাপের বেতন বাড়ছে প্রায় ৪৭ শতাংশ। এ রকমভাবে বাকি ধাপেও এই বৈষম্য পরিলক্ষিত হয়েছে।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদের প্রস্তাব বৈষম্য আরও বাড়াবে বলে মনে করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে বেতন বৃদ্ধির প্রস্তাবে অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ওপরের পদের কর্মকর্তারা খুশি।
বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটি গত বুধবার প্রতিবেদন জমা দিয়েছে। জমার পর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিশ্লেষণ শুরু করছে। পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিবেদন অর্থ মন্ত্রণালয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবে। এ নিয়ে আর আন্তমন্ত্রণালয়ের সভা হবে না।
সচিবালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৩ সালের জুলাই থেকে মূল বেতনের ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা মূল বেতন হিসেবেই গণ্য। মহার্ঘ ভাতার হিসাব ধরে সর্বনিম্ন ২০তম ধাপের (গ্রেড) একজন কর্মচারীর মূল বেতন ৪ হাজার ১০০-এর সঙ্গে সর্বনিম্ন মহার্ঘ ভাতা হিসেবে আরও ১ হাজার ৫০০ টাকা পান। অর্থাৎ তাঁর মূল বেতন ৫ হাজার ৬০০। এখন সেটি হয়ে যাবে ৮ হাজার ২৫০ টাকা। অর্থাৎ বেতন বৃদ্ধির হার ৪৭ দশমিক ৩২ শতাংশ। অন্যদিকে গ্রেড ২ পদের কর্মকর্তারা বর্তমানে ৩৩ হাজার ৫০০ টাকার সঙ্গে মহার্ঘ ভাতা হিসেবে আরও ৬ হাজার টাকা পাচ্ছেন। অর্থাৎ ৩৯ হাজার ৫০০ টাকা। এখন তাঁদের মূল বেতন হচ্ছে ৬৪ হাজার ৬০০ টাকা। বেতন বৃদ্ধির হার ৬৩ দশমিক ৫৪ শতাংশ। বিপরীতে গ্রেড-১৯-এর একজন কর্মচারীর মূল বেতন নতুন প্রস্তাবে ৮ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব হয়েছে। এই পদের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। গ্রেড-১৮ ধাপের কর্মচারীদের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। তাঁদের বেতন বৃদ্ধির হার ৪৯ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে গ্রেড-৩-এর কর্মকর্তাদের বেতন বাড়ছে ৬২ দশমিক ৩৬ শতাংশ। তাঁদের মূল বেতন হচ্ছে ৫৬ হাজার টাকা।
একইভাবে গ্রেড-১৭ ও ১৬ ধাপের কর্মচারীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে। অন্যদিকে গ্রেড-৪ ও ৫ ধাপের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি হচ্ছে বর্তমানের চেয়ে ৬১ শতাংশের সামান্য বেশি। ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার প্রায় ৬০ শতাংশ। সপ্তম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়ছে ৬১ দশমিক ১১ শতাংশ।
আবার, নিচের দিকে গ্রেড-১৫-এর কর্মচারীদের বেতন বৃদ্ধির হার ৫১ দশমিক ৫৬ শতাংশ। গ্রেড-১৪-এর কর্মকর্তাদের বেতন বাড়বে ৫২ দশমিক ২৪ শতাংশ। গ্রেড-১৩-এর বেতন বৃদ্ধির হার ৫৭ শতাংশ। গ্রেড-১২-এর বেতন বাড়ছে ৫২ দশমিক ৭০ শতাংশ। গ্রেড-১১-এর ৫৮ দশমিক ২৩, গ্রেড-১০ ও ৯-এর ৬৬ দশমিক ৭৭ এবং গ্রেড-৮-এর কর্মকর্তাদের বেতন মহার্ঘ মিলিয়ে এখন যা পান তার চেয়ে ৫৯ দশমিক ৭২ শতাংশ বাড়ছে।
সচিবালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এ হারকে বৈষম্য বলে উল্লেখ করেন। অষ্টম ও নবম গ্রেডের ব্যবধান মাত্র এক হাজার টাকা নিয়েও তাঁদের আপত্তি।
বাংলাদেশের ওয়ার্কার্স পাটিও ওপরের-নিচের এই কাঠামোকে বৈষম্যপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে।
টাইম স্কেল-সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ: গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও সিলেকশন গ্রেড বাদের প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়েছে।
পদোন্নতি না পাওয়া ও পদোন্নতির সুবিধা না থাকা পদের কর্মকর্তা-কর্মচারীদের এই আর্থিক সুবিধা দেওয়া হয়। কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বেশির ভাগ পদেই ঠিকমতো পদোন্নতি হয় না। আবার অনেক পদ রয়েছে যেগুলোতে একেবারেই পদোন্নতির সুযোগ নেই (ব্লক পোস্ট)। এই সুবিধা বাদ দেওয়া হলে জটিলতা বাড়বে।
বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিলেকশন বা টাইম স্কেল বহাল না রাখলে কর্মচারীরা আন্দোলনে যাবেন। তিনি জানান, বাংলাদেশ সচিবালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পার্সোনাল অফিসার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে সিলেকশন ও টাইম স্কেল বহাল রাখতে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে লিখিত দাবি জানানো হয়েছে।