বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে তাঁতশ্রমিকেরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন নরসিংদীর তাঁতকলের শ্রমিকেরা। এ কারণে গত সোমবার বিকেল থেকে নরসিংদী শহরের চৌয়ালা, সাটিরপাড়া, শালিদাসহ বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার তাঁতকলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তাঁতশ্রমিকদের এ আন্দোলনের সঙ্গে একাধিক শ্রমিক সংগঠন একাত্মতা ঘোষণা করেছে।দাবি আদায়ে শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সৃষ্টির চেষ্টা করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাঁদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ এ ঘটনায় ঘটনাস্থল থেকে নরসিংদী জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহমানসহ ৩৩ জন শ্রমিককে গ্রেপ্তার করে। তাঁরা শহরের বিভিন্ন তাঁতকলের শ্রমিক।তাঁতকলের শ্রমিকেরা জানান, এক সপ্তাহ আগে ১৩ দফা দাবিতে শ্রম মন্ত্রণালয়, তাঁতকলের মালিক ও জেলা প্রশাসকের কাছে নরসিংদী জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে স্মারকলিপি দেওয়া হয়। দাবির বিষয়ে আলোচনা করতে মালিকেরা তাঁদের নিয়ে সভা করার ঘোষণা দেন। নরসিংদী টেক্সটাইল মিল মালিক সমিতির চৌয়ালার কার্যালয়ে গত সোমবার ছিল আলোচনার পূর্বনির্ধারিত তারিখ। কিন্তু ওই দিন সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে সমিতির কার্যালয়ে গিয়ে সমিতির সভাপতি ছাড়া আর কাউকে পাননি। এর পরও তাঁরা ক্ষুব্ধ হয়ে কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যে দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।দাবির বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় গতকাল তাঁরা সড়কে নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌয়ালা থেকে মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ গোল চত্বরে অবস্থান নিয়ে শ্রমিকেরা রংধনু পরিবহনের একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় পার্শ্ববর্তী নরসিংদী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ইছব মিয়া শ্রমিকদের বাধা দিলে তাঁকে মারধর করা হয়।এ ঘটনার জের ধরে ট্রাকশ্রমিক ও এলাকাবাসী জড়ো হয়ে তাঁতকলের শ্রমিকদের ধাওয়া করে। এতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আবু সায়েম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩৩ জনকে গ্রেপ্তার করে।মুন্না মিয়া নামে এক শ্রমিক নেতা বলেন, বর্তমানে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে শ্রমিকেরা সারা দিন কাজ করে যা পান, তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি অধিকাংশ তাঁতকলের টিনের চাল অত্যন্ত নিচু হওয়ায় তাঁতশ্রমিকেরা প্রচণ্ড রোদের মধ্যে খুব কষ্ট করে কাজ করছেন।শ্রমিকেরা জানান, পুলিশের হাতে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁতকলের শ্রমিকেরা কাজে যোগ দেবেন না। তাঁরা গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং দাবি পূরণের আহ্বান জানান।জেলা টেক্সটাইল মিল মালিক সমিতির সভাপতি এ কে এম ফজলুল হক বলেন, ‘এ আন্দোলনের সঙ্গে কোনো তাঁতশ্রমিকের সম্পৃক্ততা নেই। শ্রমিক নামধারী সন্ত্রাসীরা আন্দোলনের নামে এ নৈরাজ্য চালাচ্ছে। আমরা প্রকৃত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। কিন্তু শ্রমিকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তা সম্ভব হয়নি।’নরসিংদী সদর মডেল থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসীর বাধার কারণে পারেননি। এ ঘটনায় উপপরিদর্শক কাসিফ সানোয়ার বাদী হয়ে গ্রেপ্তার হওয়া আবদুর রহমানকে প্রধান আসামি করে ৩৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।