বেতন-বোনাস পেলেন না ১২০ শিক্ষক
শিক্ষা কর্মকর্তার উদাসীনতার কারণে যশোরের মনিরামপুর উপজেলার নতুন নিয়োগ পাওয়া ১২০ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঈদের আগে বেতন-ভাতা পাচ্ছেন না। যে কারণে জলাবদ্ধ মনিরামপুর উপজেলার ওই শিক্ষকদের ঘরে ঈদের আনন্দের বদলে দুঃখ নেমে আসছে।
বেতন ও বোনাস-বঞ্চিত কয়েকজন শিক্ষক প্রথম আলোর এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, ‘আমরা আশায় আছি ঈদের আগেই বেতন-ভাতা পাব। কিন্তু হিসাবরক্ষণ কার্যালয় থেকে জানতে পেরেছি যে ঈদের আগে বেতন-ভাতা হচ্ছে না। ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে গেল। ভবদহের পানি এখনো আমাদের ঘরের মধ্যে রয়েছে। চরম দুর্ভোগের মধ্যে আছি। পরিবারের লোকজনকে নতুন পোশাক বা ঈদের দিন সেমাই-চিনি কেনার মতো পরিস্থিতি আমাদের নেই। ঈদের আনন্দের বদলে দুঃখ নেমে আসছে।’
ঈদের আগে শিক্ষকদের বেতন-ভাতা হলো না কেন—জানতে চাইলে মনিরামপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, ‘অফিস ছুটির আগের দিন বেলা সাড়ে তিনটার দিকে নতুন নিয়োগ পাওয়া ১২০ জন শিক্ষকের বেতন বিল জমা দিয়ে গেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার। কাগজপত্র যাচাই-বাছাই করে এক দিনের মধ্যে বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তত সাত দিন আগে বেতন বিলের কাগজপত্র আমাদের হাতে এলে সম্ভব ছিল।’
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, বেতনের জন্য জাতীয় বেতন স্কেল অনুযায়ী অনলাইনে বেতন নির্ধারণ করতে হয়। এর জন্য কাগজপত্র লাগে। ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষকদের অনেকে কাগজপত্র জমা দিয়েছেন। যে কারণে বিলের কাগজ জমা দিতে একটু দেরি হয়েছে। তারপরও ১২০ জন শিক্ষকের বেতন-ভাতা দিতে এক দিনের বেশি সময় লাগার কথা না।’
হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন বিলের কাগজের সঙ্গে চিকিৎসা ও শিক্ষাগত যোগ্যতার সনদ, নিয়োগ-সংক্রান্ত আদেশ, জাতীয় পরিচয়পত্র ও যে রিটের মাধ্যমে ওই শিক্ষকেরা নিয়োগ পেয়েছেন, তার সত্যায়িত কপি সংযুক্ত থাকতে হবে। কিন্তু বেতন বিলের সঙ্গে কোনো কাগজপত্র পাঠানো হয়নি।
এদিকে বেতন বিলের কাগজের সঙ্গে ওই সব কাগজপত্র সংযুক্ত করে জমা দেওয়ার জন্য উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি গত বৃহস্পতিবার মনিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আবদুল জব্বার বলেন, ‘নিয়োগ-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করবেন শিক্ষা কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা নয়।’