বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ, কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সদর উপজেলার বাসন সড়ক এলাকায় ট্রেডমার্ক ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেছেন। গত মঙ্গলবার বিকেল থেকে এ কর্মসূচি শুরু হয়। গতকাল বুধবার রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময়ও কর্মসূচি অব্যাহত ছিল।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ট্রেডমার্ক ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানার মালিক বেতন না দিয়ে সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ করে রাখেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শ্রমিকেরা জুন ও জুলাই মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পরও দাবি পূরণ না হওয়ায় ওই রাতে তাঁরা কারখানায় অবস্থান নেন এবং পরদিন কর্মবিরতি অব্যাহত রাখেন। একই সঙ্গে তাঁরা বিক্ষোভ করছেন।
কারখানায় কয়েকজন শ্রমিক জানান, মঙ্গলবার সন্ধ্যায় পানি খেয়ে ইফতার এবং রাতে রুটি-কলা খেয়ে সেহ্রি করেছেন। এরপর কারখানার মেঝে, টেবিল ও সিঁড়িতে ঘুমিয়ে কোনোমতে রাত যাপন করেছেন। এভাবে পরদিন রোজা রেখেছেন। অনেকেই কাবু হয়ে গতকাল দুপুরে কারখানার মেঝে ও সিঁড়িতে শুয়ে পড়েন।
কারখানার শ্রমিক ফাতেমা বেগম ও সোহরাব হোসেন বলেন, ‘টাকা না পেলে কীভাবে সন্তান-সন্ততি নিয়ে ঈদ করব।’
কারখানার কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্টাফদের মে থেকে জুলাই পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বেতন চাইলে মালিক বলেন, হাতে পর্যাপ্ত টাকা নেই, ঋণ নিয়ে বেতনের ব্যবস্থা করতে হবে।
কারখানার পরিচালক (উৎপাদন) আবদুল কুদ্দুস বলেন, ‘মঙ্গলবার ইফতারের আগে সর্বশেষ কারখানার মালিক জাহিদ হোসাইন জাকিরের সঙ্গে তাঁর কথা হয়েছে। ওই সময় তিনি বলেন, ‘দেখছি কী করা যায়। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাচ্ছি।’
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন জানান, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।