চট্টগ্রাম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ফয়’স লেক ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
জানা যায়, আগে থেকেই কর্মবিরতি পালনকারী শিক্ষক-কর্মচারীরা গতকাল দুপুর ১২টার দিকে জুলাই মাসের বেতন ও বোনাসের দাবিতে সড়কে অবরোধ করেন। প্রায় ২০ মিনিটের মতো অবরোধ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক এ এইচ এম ইছহাক চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয় প্রশাসক এবং আন্দোলনকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় কর্মচারীদের জুলাই মাসের বেতন ও বোনাস এবং কর্মকর্তাদের শুধু বোনাস দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার ব্যাংকে গিয়ে আমরা জানতে পারি কর্তৃপক্ষ টাকা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ খবর শুনেই সবাই সড়ক অবরোধে নেমে পড়েন কিছু সময়ের জন্য।’