বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৈষম্য নিরসন, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বেতন-বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবিতে মহাসমাবেশ করেছেন সরকারি কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার খুলনার শহীদ হাদিস পার্কে পেশাজীবীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেশাজীবীদের মোর্চা প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির খুলনা বিভাগীয় শাখার যুগ্ম সচিব জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল আলম। এ ছাড়া কমিটির সদস্যসচিব অধ্যাপক ফারুখে আযম মুহা. আবদুস সালাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোবহান মিয়া, নার্সিং ইনস্টিটিউশন খুলনার সভাপতি শিলা দাস, নড়াইলের বীজ প্রত্যয়ন কর্মকর্তা এস এম ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।
বাহারুল আলম বলেন, পেশাজীবীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার দাবিগুলো নিরীক্ষা করে ১৪ সপ্তাহের মধ্যে পূরণ করার জন্য একটি কমিটি করে। কিন্তু তা পূরণ না করে নির্ধারিত সময়ের আগেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বছরের ১৩ মার্চ উপজেলা পরিষদ (হিসাব ও নিরীক্ষা ) বিধিমালা ২০১৬ সংক্রান্ত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করে, যা পেশাজীবীদের জন্য শুধু মর্যাদাহানি ঘটায়নি, সরকার তার বিশ্বস্ততা হারিয়েছে।
আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে আছে নিজ ক্যাডারের সর্বোচ্চ পদসহ অন্যান্য পদায়ন নিশ্চিত করা, পদোন্নতির ক্ষেত্রে সব ক্যাডারকে সমান সুযোগ দেওয়া এবং উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে সব বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা একই রাখা।
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় আন্তক্যাডার বৈষম্য নিরসন এবং পেশাজীবীদের মর্যাদা সমুন্নত রাখা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বেতন-বিলে ইউএনওর স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবি আদায়ের জন্য গত বছরের অক্টোবর থেকে বিভিন্ন পেশায় কর্মরত পেশাজীবীরা আন্দোলন করছেন।