বেতন বৈষম্যের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসূচি
অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও বেতন বৈষম্যের প্রতিবাদে প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে আছে ২২ ডিসেম্বর বেলা ১১টায় কেন্দ্রীয়ভাবে ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অর্থমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং ২৩-২৪ ডিসেম্বর সব জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে ছয় দফা দাবি জানানো হয়—ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদের প্রারম্ভিক বেতন ক্যাডার এন্ট্রি পদের একধাপ নিচে অর্থাৎ নবম গ্রেডে নির্ধারণ; বেতন বৈষম্য হ্রাসে ক্যাডার নন-ক্যাডার এন্ট্রি পদ একই গ্রেডে নির্ধারণ; ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে কর্মরতদের চার বছর চাকরি পূর্তিতে অষ্টম গ্রেড, আট বছর চাকরি পূর্তিতে সপ্তম গ্রেড, ১২ বছর চাকরি পূর্তিতে ষষ্ঠ গ্রেড ও ১৫ বছর চাকরি পূর্তিতে পঞ্চম গ্রেড স্কেল প্রদান এবং একইভাবে ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের গ্রেড পরিবর্তনের সুযোগ রাখা; ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পাঁচ বছর চাকরি পূর্তিতে সহকারী প্রকৌশলী বা সমমান, আট বছর চাকরি পূর্তিতে উপবিভাগীয় প্রকৌশলী বা সমমান, ১৫ বছর চাকরি পূর্তিতে নির্বাহী প্রকৌশলী বা সমমান, ২০ বছর চাকরি পূর্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বা সমমান ও ২৫ বছর চাকরি পূর্তিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বা সমমান পদে পদোন্নতির বিধান রাখা এবং শূন্য পদ না থাকলে সুপার নিউমারি পদ সৃষ্টি করে টাইমবার পদোন্নতি প্রদান; প্রযুক্তিগত কর্মকাণ্ডের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ন্যায় বর্ধিত বেতন প্রদান; সরকার নিয়ন্ত্রিত সব বিদ্যুৎ কোম্পানিসহ বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য একাধিক গ্রেড প্রথার পরিবর্তে সরকার নির্ধারিত একই বেতন স্কেল মর্যাদা ও পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান এবং এসএসসি (ভোক) শিক্ষকসহ সব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলের আওতায় অবিলম্বে আনা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি এ কে এম এ হামিদ। বিজ্ঞপ্তি