বেতন-বোনাস পাননি পাটকল শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনাঞ্চলের পাটকলগুলোর শ্রমিকেরা মজুরি, বেতন, শিক্ষা সহায়তা ভাতা, উৎসব বোনাস পাননি বলে দাবি করেছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ দাবি করে।
সংগঠনটি আরও দাবি করেছে, সরকার শ্রমিকদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিলের মধ্যে সব বকেয়া পরিশোধের ঘোষণা দিলেও তা এখনো পরিশোধ করা হয়নি। শুধু তা-ই নয়, পর্যাপ্ত পাট কিনতে না পারায় মিলগুলোর উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে চিঠি দেওয়া হলেও বিজেএমসি থেকে এ টাকা দিতে অপারগতা জানানো হয়েছে। এমনকি সিবিএকে এ ব্যাপারে কোনো মিছিল-মিটিং করতে নিষেধ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিগুলো হলো ৩০ জুনের মধ্যে চাকরিহারা ও চাকরিরত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ করা, মৌসুমের শুরুতেই পাট ক্রয়ের জন্য অর্থ প্রদান করা, মজুরি কমিশনসহ পূর্বের পাঁচ দফা দাবির পূর্ণ বাস্তবায়ন, শূন্যস্থানে বদলি স্থায়ীসহ দ্রুত আলীম জুট মিলকে সরকারি মালিকানায় চালু করা ও সদ্য টার্মিনেট হওয়া ক্রিসেন্ট জুটমিলের শ্রমিকনেতা সোহরাব হোসেনের চাকরিতে পুনর্বহাল করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের সদস্যসচিব জাকির হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনাঞ্চলের মিলগুলোতে প্রায় ৪৫ হাজার শ্রমিক কাজ করেন। ওই সব শ্রমিকের এখনো এক থেকে চার সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এর পরিমাণ ২০০ কোটি টাকার বেশি।
জাকির হোসেন বলেন, ‘আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শ্রমিকেরা কাজে ফিরে যান। কিন্তু আজও প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তা ছাড়া আমরা শুনেছি যে এক হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, তা দেওয়া হচ্ছে বিজেএমসির সম্পত্তি বিক্রি করে।
জানতে চাইলে বাংলাদেশ জুটমিল করপোরেশনের (বিজেএমসি) খুলনা অঞ্চলের সমন্বয়ক মহব্বত আলী মিয়া প্রথম আলোকে বলেন, ‘সরকার কোথা থেকে টাকা দিচ্ছে, তা জানি না। তবে বিজেএমসির কাছে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা খুলনাঞ্চলের চাহিদা পাঠিয়েছি। আশা করি অচিরেই শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত সমস্যা আর থাকবে না।’