বেতন-বোনাস পেতে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন ও বোনাস আদায় করতে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। প্রায় পৌনে এক ঘণ্টার অবরোধে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী অনেকে জানান, গতকাল সকালে আগ্রাবাদের অর্কিড ফ্যাশন কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। সকালে কারখানায় এসে বেতন-বোনাস না পেয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর পরই দেড় শতাধিক বিক্ষুব্ধ শ্রমিক সড়ক অবরোধ করেন। মো. ইকবাল নামে এক শ্রমিক জানান, কারখানার তিন শতাধিক শ্রমিকের এক মাসের বেতন ও ঈদের বোনাস দেওয়া হয়নি। তাই তাঁরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। পুলিশ কারখানা মালিক আবদুল লতিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। মুঠোফোনও বন্ধ করে রাখেন তিনি। পরে কারখানার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে বেতন-বোনাস দেওয়ার অঙ্গীকার আদায় করা হয়। বেলা সোয়া দুইটার দিকে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।